সম্প্রতি ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকায় আদিবাসী নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সরব হল রবীন টুডু নেতৃত্বাধীন ভারত জাকাত মাঝি পারগানা মহল। গত ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ এ ভারত জাকাত মাঝি পারগানা মহলের রবীন টুডু গোষ্ঠীর পঃবঃ রাজ্য কমিটির ডাকে ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হল “বিশাল বিক্ষোভ সমাবেশ সহ ডেপুটেশন ” কর্মসূচি।

জঙ্গলমহলে বিরমালী (ছদ্মনাম)-সহ অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে আদিবাসী শিশু এবং লালগড়ে আদিবাসী গৃহবধূ এবং মহিলার উপর অত্যাচার, নির্যাতন ও ধর্ষণের অভিযোগের প্রতিবাদে এবং তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সহ ধর্ষকের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা ও ফাঁসির দাবি জানানো হয়।

এই কর্মসূচিকে ঘিরে জনস্রোতে ভাসল ঝাড়গ্রাম। ঘটনাগুলিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে, তা এই বিক্ষোভ সমাবেশে প্রকাশ পায়।
ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, জঙ্গলমহলের সাধারণ মানুষ সহ আদিবাসী শিশু ও মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনতে প্রশাসনকে আরও সক্রিয় নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে ।

বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ নয়; বরং ন্যায়বিচার, নিরাপত্তা ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার গণতান্ত্রিক দাবি।

একইসঙ্গে ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।আদিবাসী শিশু ও মহিলাদের নিরাপত্তা এবং অন্যায়, অত্যাচার ও ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভ সমাবেশের মাঝে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
![]()