আলিপুরদুয়ার-১ ব্লকের পাটকাপাড়া চা বাগানের বাসিন্দা শ্রী বিজয় এক্কা এবং শ্রীমতী সুনীতা এক্কার কন্যা বাবলি এক্কা। ২০২৩ সালে মাধ্যমিক এবং ২০২৫ সালে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮৪% নম্বর অর্জন করেন। ২০২৬ সালের NEET পরীক্ষায় সফল হয়ে বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ডাক্তারি (MBBS) পড়ার সুযোগ লাভ করেছেন। পাটকাপাড়া চা বাগান এলাকা থেকে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ছাত্রী হিসেবে তাঁর এই সাফল্য সমগ্র এলাকার কাছে এক গর্বের বিষয়।

বাবলি এক্কার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে উপলব্ধি করা যায়, চা বাগানের মাটি থেকে চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের এই যাত্রা মোটেও সহজ ছিল না। আর্থিক অনটন, অসংখ্য প্রতিকূলতা ও কঠিন সংগ্রামের মধ্যেও তাঁর বাবা-মা মেয়ের পড়াশোনা চালিয়ে গিয়েছেন। তাঁদের ত্যাগ, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির ফলেই আজ বাবলির এই সাফল্য। তাঁর এই কৃতিত্ব শুধু পরিবারের নয়, সমগ্র চা বাগান অঞ্চল এবং আদিবাসী সমাজের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।

প্রবল প্রতিকূলতার মধ্যে সংগ্রাম করে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ায় বাবলি এক্কা ও তাঁর পরিবারকে পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চ (West Bengal Tribal Unity Forum) এর পক্ষ থেকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগান এলাকায় বাবলি এক্কার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা, অভিনন্দন ও সম্মাননা জানানো হয় আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের পরিবারের থেকে।

তবে একদিন আগেই বাবলি এক্কা ও তাঁর বাবা দুপুরে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ায় তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি। তাই তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং বাবলির এই গৌরবময় সাফল্যের জন্য পরিবারকে সম্মানিত করা হয়।

এই শুভেচ্ছা ও সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক (প্রশাসন) শ্রী কিশোর ওরাওঁ মহাশয়, ডুয়ার্স-তেরাই জোন কমিটির অর্থ সম্পাদক শ্রী মাধব কুজুর মহাশয়, আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি শ্রী বাণীকান্ত মারাক মহাশয় এবং আলিপুরদুয়ার জেলা কমিটির রাভা জনজাতির প্রতিনিধি শ্রী গোবিন্দ রাভা মহাশয়। তাঁদের সকলের উপস্থিতিতে বাবলি এক্কার পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাঁর এই অসামান্য সাফল্যকে সম্মান জানানো হয়।
পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাবলি এক্কার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। তিনি যেন তাঁর স্বপ্নপূরণ করে একজন সফল চিকিৎসক হয়ে ওঠেন এবং আগামী দিনে সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন এই কামনা করা হয়। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের আদিবাসী ছাত্রছাত্রীদের কাছে নতুন আশার আলো হয়ে উঠুক।
বাবলি এক্কার এই সাফল্য আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। আদিবাসী সমাজের প্রতিটি সন্তান শিক্ষার আলোয় আলোকিত হোক—এই হোক আমাদের অঙ্গীকার।
![]()