LOADING

বাঁকুড়া জেলার হীড়বাঁধে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ আদিবাসীদের।

pbams September 18, 2026

Spread the love

বাঁকুড়া জেলার হীড়বাঁধ এলাকায় এক আদিবাসী পরিবারের ওপর অ-আদিবাসীদের বিরুদ্ধে ওঠা জাতিগত বিদ্বেষ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এবং আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্বকে এলাকার এক বিজেপি নেতার হুমকির অভিযোগের প্রতিবাদে গত ১৬ই সেপ্টেম্বর ২০২৬ এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় হীড়বাঁধ ফুটবল ময়দানে।

ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন (United Forum of All Adibasi Organisations/UFAAO) এর সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা অংশ নেন। বিক্ষোভকারীদের বক্তব্য, এক আদিবাসী পরিবারের ওপর নির্যাতন এবং আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্বকে হুমকির ঘটনায় প্রশাসনের কাছে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

মিছিল শেষে সমাবেশে বক্তারা আদিবাসী সমাজের নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টি তুলে ধরেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাঁকুড়া জেলার হিড়বাঁধ ব্লকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আদিবাসী সমাজের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে উঠে এসেছে। আদিবাসী নারী নির্যাতন, নাবালিকার ধর্ষণ এবং দুইজন বিশিষ্ট আদিবাসী সামাজিক সংগঠক ও শিক্ষক বিপ্লব সরেন ও দিলেশ্বর মান্ডিকে তাদের কর্মস্থলে বিভাগীয় তদন্ত চালু করার বিষয় নিয়ে প্রতিবাদের আওয়াজ আরও জোরালো হয়েছে।

পর পর এই ঘটনাগুলিকে কেন্দ্র করে আদিবাসী সমাজের মধ্যে যে উদ্বেগ, ক্ষোভ ও ন্যায়বিচারের দাবি তৈরি হয়েছে, তা উপেক্ষা না করে প্রশাসনের উচিত প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা।

আদিবাসী পরিবারের নিরাপত্তা, নারীদের মর্যাদা, শিশুদের সুরক্ষা এবং সামাজিক সংগঠনের নেতৃত্বের অধিকার—এই বিষয়গুলিতে কোনও ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।

জঙ্গলমহলে আদিবাসী প্রতিবাদী ঐক্যের নতুন বার্তা, নবাগত সরকারের প্রতিনিধিদের আচরণ ও প্রশাসনিক ভূমিকা নিয়ে আদিবাসী সমাজের বিভিন্ন অংশে যে প্রশ্ন ও অসন্তোষ প্রকাশ পাচ্ছে, তার প্রেক্ষিতে জঙ্গলমহলজুড়ে আদিবাসী সংগঠনগুলির মধ্যে বৃহত্তর ঐক্য ও সমন্বয়ের দাবি আরও জোরালো হচ্ছে।

এই ঐক্য কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্বেষের ভিত্তিতে নয়, বরং আদিবাসী সমাজের অধিকার, আত্মমর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে গণতান্ত্রিক ও সাংবিধানিক পথে সংগঠিত হওয়ার আহ্বান।

এই বিক্ষোভ সমাবেশ থেকে আদিবাসীদের জোরালো দাবি –
১) আদিবাসী নারী ও নাবালিকার ওপর সংগঠিত নির্যাতন ও ধর্ষণের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।
২) আক্রান্ত আদিবাসী পরিবারগুলির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
৩) আদিবাসী সামাজিক সংগঠক বিপ্লব সরেন ও দিলেশ্বর মান্ডিকে তাদের কর্মস্থলে যে বিভাগীয় তদন্তের আওতায় আনা হচ্ছে তার প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সংগত হতে হবে।
৪) আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্ব ও সামাজিক মর্যাদাকে সম্মান করতে হবে।

Loading